শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন

শোবিজ ডেস্ক
অনলাইন ভার্সন
সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় মর্যাদা ও অসংখ্য ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে। সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

এর আগে মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে তাঁর মরদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলে সাজানো গাড়িতে তাঁর বড় একটি ছবিও রাখা ছিল, যেখানে তাঁকে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় পোশাকে দেখা যায়। পথে পথে ভক্তরা দাঁড়িয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

বিকেল ৪টায় শিবাজি পার্কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে ও অন্যান্য স্বজনরা।

রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয় তাঁর মরদেহ এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেষ শ্রদ্ধা জানাতে এদিন বলিউড, সংগীত ও ক্রীড়াঙ্গনের বহু তারকা উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন আমির খান, শচীন টেন্ডুলকার, এআর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিল্লন ও মীনাক্ষী শেশাদ্রি, তাবুসহ আরও অনেকে।

উল্লেখ্য, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন এবং ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights