শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী স্মরণে গাইবান্ধায় শোকসভা

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি বীরমুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ১ নম্বর রেলগেটে জেলা সিপিবির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সহিদুল্লাহ চৌধুরী’র অস্থায়ী প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ ও তাঁর স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে শোকসভায় বক্তারা বলেন, নিজে সরাসরি শ্রমিক হয়েও তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি হয়েছিলেন, গড়ে তুলেছিলেন বৃহত্তর শ্রমিক আন্দোলন। অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। তাঁর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি তথা দেশ প্রগতির আন্দোলনের একজন মহান সৈনিককে হারালো।

জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা জেলা সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, কৃষক সমিতি’র জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাঘাটা উপজেলা সিপিবি’র সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, ক্ষেতমজুর সমিতি’র জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সহিদুল্লাহ চৌধুরী ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights