শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে বাবাকে ঘরে বেঁধে নির্যাতনের অভিযোগে ছেলে রাসেল সরদার (৩০)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে ১০০ টাকা জরিমানাও আদায় করা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের মাসুম সরদারের ছেলে। ছেলের অব্যাহত নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বাবা-মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রাসেল সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবা-মা’কে অত্যাচার করত। গতকাল সোমবার ফের তার বাবার কাছে মাদক কেনার টাকা চায়। টাকা না পেয়ে ওইদিন বাবা মাসুম সরদারকে ঘরে বেঁধে মারধর করে। বাবাকে ছেলের নির্যাতনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসেলকে আটক করে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং ১০০ টাকা অর্থদণ্ড জরিমানা ও আদায় করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মাদকাসক্ত রাসেল মাদক কেনার টাকার জন্য প্রায়ই তার বাবা-মাকে নির্যাতন করতো। গ্রামবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে দুই মাসে দণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights