‘সকল ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপনজন আর নেই’
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই।’
তিনি বলেন, ‘যারা একাত্তরে পরাজিত তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন। আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন তখন সারাবিশ্বে অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষ্মণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।’
দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
