সকল বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ইউজিসি’র

অনলাইন ডেস্ক

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)।

বুধবার ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।

ইউজিসিতে দিনব্যাপী এ কর্মশালায় তিনি আরও বলেন, আইন অনুযায়ী আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ে আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হলে জনমনে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে জানান তিনি।
ইউজিসি চেয়ারম্যান দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা চালুর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে বলেন, আধুনিক বিশ্বে শ্রমের ওপর মজুরি নির্ভর করে না, এটি নির্ভর করে বিভিন্ন ধরনের দক্ষতার ওপর। কাজেই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের বাস্তব ও জীবনমুখী শিক্ষাদানে মনোযোগ দিতে হবে বলে জানান তিনি।

কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে রিসোর্সপার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) মো. সিদ্দিকুর রহমান।

এ সময় ইউজিসি’র উপসচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights