সখীপুরে মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বোয়ালী, লাঙ্গুলিয়া, সোলাপ্রতিমা (বিএলএস) চাষী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা চলছিল। পরীক্ষার শেষ পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে এ পরীক্ষা স্থগিত করেন নিয়োগ কর্তৃপক্ষ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেল ৪টায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী আবেদন করলেও ৯ জন পরীক্ষায় অংশ নেয়। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার প্রশ্ন করতে প্রায় দেড় দুই ঘণ্টা সময় লাগে। যে কারণে এ পরীক্ষা নিতে সন্ধ্যা হয়ে যায়। পরীক্ষার ৩০/৩৫ মিনিট পরে নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার কথা শুনে মুহূর্তের মধ্যে বিদ্যালয়ের মাঠে লোকজন সমবেত হয়। এ সময় তারা পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে। পরে এ পরীক্ষা স্থগিত হওয়ার কথা শুনে স্থানীয়রা মাঠ ত্যাগ করে এবং স্বস্তি প্রকাশ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রশ্ন করা এবং প্রশ্ন কম্পোজ করা নিয়ে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়। তারপর মোমবাতি জ্বালিয়ে ও মোবাইলের আলো জ্বালিয়ে পরীক্ষা শুরু করা হয়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসে। আবার ৩০/৩৫ মিনিট পরীক্ষা নেয়ার পর বিদ্যুৎ চলে যায়। এ সময় একাধিক পরীক্ষার্থী আলোক স্বল্পতা নিয়ে আপত্তি তুলে। পরে নিয়োগ বোর্ডের পাঁচজনের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
