সড়কে ফেলে যাওয়া সেই শিশুকে বাবার কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে ফেলে যাওয়া দুই বছরের সেই শিশু অবশেষে বাবার আশ্রয় পেয়েছে। মা সড়কে ফেলে যাওয়ার পর দাদির কাছেও আশ্রয় না পাওয়া শিশুটির দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত মুচলেকা দিয়ে গ্রহণ করেছেন বাবা মো. পলাশ।

গত ২১ আগস্ট সন্ধ্যায় উপজেলার বারইখালী ইউনিয়নের জেলে পাড়ার একটি ইটভাটার সামনের সড়কে শিশুটিকে রেখে তার মা মিতু আক্তার ঢাকায় চলে যান। এর তিন মাস আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।

স্থানীয় লোকজন সড়কে শিশুটিকে কাঁদতে দেখে উদ্ধার করে জেলে পাড়ায় তার দাদির কাছে নিয়ে যান। তবে দাদিও শিশুটিকে নিজের কাছে রাখতে রাজি হননি। পরে স্থানীয়রা বিষয়টি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহকে জানালে তিনি শিশুটিকে নিজের বাসভবনে আশ্রয় দেন।

এরপর শিশুটির বাইরে থাকা বাবা মো. পলাশকে খবর দেওয়া হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি বিবেচনা করে বাবার কাছ থেকে শর্তসাপেক্ষে লিখিত মুচলেকা নেওয়া হয়।

পরে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার বাবা মো. পলাশের কোলে তুলে দেন ইউএনও মো. হাবিবুল্লাহ।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য মো. আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights