সড়কে বাস সংকট, মোড়ে মোড়ে যাত্রীদের ভিড়

অনলাইন ডেস্ক

নির্বাচনকালীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায়। বাসের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ায় সকাল থেকেই অফিসপাড়া ও প্রধান মোড়গুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কাঙ্ক্ষিত বাস না পেয়ে অনেককেই চরম ভোগান্তি নিয়ে ফিরে যেতে হয়েছে।

মঙ্গলবার সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরপর কিছু বাস আসতে দেখা গেলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই উঠতে পারেননি।

যাত্রীরা জানান, মোটরসাইকেল বন্ধ থাকায় বাস ছাড়া উপায় নেই। কিন্তু বাস কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যেতে হচ্ছে। সময়মতো পৌঁছানো প্রায় অসম্ভব।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল ও কলেজে যাওয়া শিক্ষার্থীরা। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ক্লাস টেস্ট চলছে, বাস সংকটের কারণে দেরি হয়ে যাচ্ছে।

পরিবহন শ্রমিকদের ভাষ্য, নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে অনেক গাড়ি সড়কে নামানো যাচ্ছে না। তারা বলছেন, বাস কম থাকায় যাত্রীর চাপ বেশি। চালকরা ভয় পাচ্ছেন, চেকপোস্টে ঝামেলা হতে পারে। তাই অনেক মালিক গাড়ি নামাচ্ছেন না।

নির্বাচন উপলক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত (বুধবার রাত ১২টা) থেকে ভোটের দিন বৃহস্পতিবার মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নগরবাসীর দাবি, নির্বাচনকালীন নিরাপত্তার পাশাপাশি সিটির ভেতরে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থাপনা জোরদার করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights