সন্তান হত্যার বিচার চেয়ে বাবা-মায়ের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সন্তান হত্যার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক দম্পতি। শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
বৃদ্ধ মা আকলিমা বেগম নগরীর ২৪ নম্বর ওয়ার্ড হামিদ খান সড়কের বাসিন্দা ইদ্রিস খানের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি অভিযোগ করেন তার বড় ছেলে সোহেল খান রূপাতলী এলাকার সোনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকের কাজ করতো। পরিবারের মতের বাইরে গিয়ে নগরীর লালা দিঘির পাড় এলাকার বাসিন্দা আবু সাইদ খানের কন্যা এক সন্তানের জননী তালাকপ্রাপ্ত খুশি বেগমকে বিয়ে করেন। তাদের ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী ও দুই কন্যা নিয়ে রূপাতলী মৃধা বাড়ি সড়কের ভাড়া বাসায় বাস করতো।
সোহেলের বাবা মো. ইদ্রিস খান বলেন, গত ১৭ এপ্রিল রাতে সোহেল বাসায় খাওয়া-দাওয়া শেষে নিজের বাসায় যায়। পরে রাত ৩ টার দিকে একটি নাম্বার থেকে কল করে জানানো হয় সোহেল মৃত্যুবরণ করেছে। ভোররাতে সোহেলের ভাড়া বাসায় গিয়ে তার মরদেহ সামনের কক্ষের খাটের ওপর শোয়ানো রয়েছে। সেখানে গিয়ে সোহেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছি। তখন পুত্রবধূ খুশিসহ তার বাবা- মা ও ভাইবোনরা জানায় সোহেল আত্মহত্যা করেছে। কিন্তু তারা সোহেলর জানাজা ও দাফনে অংশ নেয়নি। পরে জানতে পারি খুশির পরিবার পালিয়ে গেছে।
সোহেলর বাবা ও মায়ের দাবি ছেলেকে হত্যার পর নাটক সাজিয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায্য বিচার চেয়েছেন তারা।
