সন্তানকে ‘জিনের মাধ্যমে বশ’ করার কথা বলে নারীর ৩৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারীর ভয়ংকর প্রতারণার শিকার হয়েছে। অবাধ্য সন্তানকে ‘বশ’ করে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৩৫ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে প্রতারক তান্ত্রিক চক্র। এরইমধ্যে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ঢাকার জিগাতলা, রায়েরবাজার ও বৃহস্পতিবার ভোরে যশোরে অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

রাকিব মাতব্বর, আলাউদ্দিন ব্যাপারী, মহিউদ্দিন ব্যাপারী, মানিক, ফরহাদ হোসেন ও মেহেদী হাসানকে এই প্রতারণার জন্য গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহার করা ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ শুক্রবার ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির জানান, গত ১৯ আগস্ট এলিফ্যান্ট রোডের ভাড়া বাসায় অবস্থানকালে ভুক্তভোগী নারী ‘কোরআনিক শিফা’ নামে একটি ফেসবুক পেজে ‘অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়’ শিরোনামের ভিডিও দেখে সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে চক্রের এক সদস্য জানান, জিনের মাধ্যমে তার সন্তানের সমস্যা সমাধান করা হবে।

প্রথমে বিভিন্ন সামগ্রী কেনার অজুহাতে ৫ হাজার ৫০০ টাকা নেন তারা। পরে হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’র ছবি পাঠিয়ে কাজ চলছে বলে জানান। পরদিন ‘জিন’ পরিচয়ে চক্রের আরেক সদস্য ভয় দেখিয়ে সন্তানের বিপদের কথা বলে ৪৯ হাজার টাকা দাবি করেন। সন্তানকে রক্ষার আশায় ভুক্তভোগী টাকা পরিশোধ করেন। এরপর ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কৌশলে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নিউমার্কেট থানায় মামলা করেন। এজাহার গ্রহণের পর প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় জিগাতলা-রায়েরবাজার এলাকা থেকে পাঁচজনকে এবং বৃহস্পতিবার ভোরে যশোরের চৌগাছা থানার যাত্রাপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights