সপ্তাহ শেষে বৃষ্টি কমার আভাস
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে টানা বৃষ্টির দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। এরপরের পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে এর আগে উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের উত্তর-পূর্ব, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পরদিন মঙ্গলবার বৃষ্টি অব্যাহত থাকলেও এর বিস্তার কিছুটা কমতে পারে। ১৪ জুলাইয়ের পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে, ফলে সার্বিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ভারী বর্ষণ উজানের ঢলের সঙ্গে মিলে নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। একই সঙ্গে মধ্য ভারতে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাব এখনো বিদ্যমান। ফলে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। বিশেষ করে পাহাড়ি ঢলপ্রবণ এলাকা এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকালের মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে একই সময়ে ফেনী ও খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতির সম্ভাবনা থাকলেও সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী দুই দিনে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।
