সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, “আজ থেকে যে কয়দিন জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপিত হবে, আমি একান্তভাবে কামনা করি চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে সম্পৃক্ত থেকে আমাদের আগামীর অগ্রযাত্রাকে শক্তি ও সাহস যোগাবে। আশা করছি আগামী দিনের যে নির্বাচিত সরকার আসবে তারা আপনাদেরই সরকার হবে এবং আপনাদের দাবি পূরণে কাজ করবে।”

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর.কে. দাশ রুপু। স্বাগত বক্তব্য দেন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, শোভাযাত্রা উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আশীর্বাদক ছিলেন পটিয়া পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। বিভিন্ন যানবাহনে সজ্জিত ভক্তরা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে অংশ নেন মহাশোভাযাত্রায়। শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি মোড়, নিউমার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মহাশোভাযাত্রা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক রাজীব ধর তমাল, শিমুল মুহুরী এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ বাবুন, সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, বিদ্যালাল শীল, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, অর্থ সম্পাদক রতন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, উপ-অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, উপ-দপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights