সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ৫ শতাধিক শহীদদের হত্যার বিচার করতে হবে, ২০২১ সালে আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান রচিত হয়েছে দেশের ছাত্র-জনতার দৃঢ় ঐক্যের মাধ্যমে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বহু সময় ধরে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার ৫৩ বড় বছর পরও তারা রাজাকার নাম দিয়ে এদেশের মানুষদের দাবিয়ে রাখার ষড়যন্ত্র করেছিল। আমরা সকলে এখন ঐক্যবদ্ধ আর এই ঐক্যের পতন ঘটাতে তারা এখনো চেষ্টা চালাচ্ছে।
ছাত্র সমাজের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, আমার ছাত্র ভাইয়েরা তোমরা আমাদের মাদ্রাসায় আসবে, মসজিদে আসবে। মাদ্রাসার ছাত্ররা টিএসসি তে যাবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাতৃভাষার জন্য সংগ্রাম করার কারণে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে বিবেচিত হয়েছে। সেই ভাষার মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। যেকোনো মূল্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র জনতার রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এ আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল শহীদদের আত্মত্যাগ রক্তের সাথে আমাদের ঈমানদারীকে রক্ষা করতে হবে। শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শহরের ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights