সমঝোতার পরও থামেনি হামলা, পাল্টাপাল্টি হামলায় লেবাননে নিহত ২৪, ইসরায়েলে ৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ শহর ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে, এসব হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর চালানো পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার হতাহতের এসব তথ্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এবং লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কার্যকর হওয়ার পরও মধ্যরাতের পর হামলা চালিয়ে যায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়াহ শহর, কাফর তেবনিত, নাবাতিয়াহ আল-ফাওকা এবং রাইহান পাহাড়ি এলাকায় একাধিক বিমান হামলা চালায়।

এর কিছু সময় পর নাবাতিয়াহর বিশ্ববিদ্যালয় এলাকা, কাফরজোজ এবং হারুফের আল-বাইদার এলাকায় নতুন করে হামলা হয়। এসব হামলায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-আশামিয়া এলাকায় একটি বাড়িতে চালানো হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে চারজন নিহত হন। কাফর সির এলাকায় পৃথক আরেক হামলায় প্রাণ হারান আরও তিনজন।

ভোরের দিকে দুইর পৌরসভা ভবনের কাছে এবং দেইর আল-জাহরানি-নাবাতিয়াহ মহাসড়কে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো দুটি চালকবিহীন উড়োজাহাজ হামলায় আরও দুইজন নিহত ও দুইজন আহত হন। অন্যদিকে, দুইর এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights