সমালোচনার মুখে গান ছেড়ে দেওয়া নিয়ে যা বললেন আলী হাসান

অনলাইন ডেস্ক

‘ব্যবসার পরিস্থিতি’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান র‍্যাপার আলী হাসান। কিছুদিন আগে কোক স্টুডিও বাংলার ‘মা লো মা’ গানে কণ্ঠ দিয়েও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে তরুণ এই র‍্যাপার এবার নতুন কোনো গান নয় বরং তার এক বক্তব্য কেন্দ্র করে সমালোচনার জন্ম দিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আলী হাসান বলেন, ‘গান-বাজনার টাকা হারাম। আমার অটো বিজনেসের টাকা হালাল। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি।’

তার এমন বক্তব্যের পর নেটিজেনদের নেতিবাচক আলোচনার বিষয়ে পরিণত হন। অনেকেও তার সেই বক্তব্যের ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন আলী হাসান। তিনি বলেন, ‘আমি বলতে চেয়েছি, গানে যে বাদ্য-বাজনা ব্যবহার হয়, তা আমাদের ধর্মে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। এক ঘণ্টার সাক্ষাৎকার থেকে দুই-তিন মিনিট কেটে ছেড়ে দেওয়ায় আমার কথাটি অনেকে বুঝতে পারছে না। পুরো সাক্ষাৎকার দেখালে আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে এ বিষয়ে কথা বলতাম না।’

সমালোচনার বিষয়ে আলী হাসান বলেন, ‘অনেকেই ট্রোল করছে। কিন্তু আমার কাছে এসব কোনো বিষয় না। মানুষ মাত্রই ভুল। আমার কথায়, আচরণে, চলাফেরায় ভুল হতেই পারে। হতে পারে আমার মনের কথাটি গুছিয়ে বলতে পারিনি।’

গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, ‍”আমরা মন থেকে অনেক কিছু চাই না। কিন্তু চলার ক্ষেত্রে সে কাজগুলো করতে হয়। গানের বিষয়টিও আমার কাছে এখন তেমন। বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়েই চলছি। ধীরে ধীরে গান থেকে সরে আসব। আমার শেষ গানের শিরোনাম হবে ‘ইসলাম’। এই গানটি তৈরি হওয়ার পর আর গান লিখব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights