সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা কঙ্কাল উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারপাড়া ঝাউ বাগানের পাশে সমুদ্রসৈকত থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পুলিশ পরিদশক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারপাডা সাগরে তীরবর্তী ঝাউ বাগানের পাশে সমুদ্র সৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল (অজ্ঞাত লাশ) দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে উখিয়ার ছোয়ানখালীতে সমুদ্র সৈকতে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, এটি টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলাকার বাসিন্দা হেলাল উদ্দীন (২৫) নামের এক জেলের মরদেহ।
বৃহস্পতিবার (২০জুলাই) ভোরে উখিয়া উপজেলার ছোয়ানখালী সমুদ্র এলাকায় জেলেরা ঘোরাঘুরি করার সময় ওই মরদেহটি দেখতে পেয়ে পরিচয় জানতে এলাকায় খবর দিলে স্বজনরা গিয়ে মৃত দেহের পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয় মো. সরওয়ার জানান, বুধবার ভোরে হলবনিয়া ঘাট থেকে নৌকা যোগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে মাঝ সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তবে ওই নৌকায় থাকা সব জেলেরা কুলে ফিরে আসতে পারলেও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। অবশেষে আজ ভোরে হেলালের লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দ জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
