সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পেশাগত উৎকর্ষতা বজায় রেখে সব সময় প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোকপাত করেন। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে তিন দিনব্যাপী আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত ছিলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বার্ষিক অধিনায়ক সম্মেলন শেষে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তিনি রেজিমেন্টের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, পাঁচ দশকের দীর্ঘ পথচলায় আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সুবর্ণজয়ন্তীতে সংশ্লিষ্ট সব সদস্যের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights