সল্ট ঝড়ে কলকাতার সহজ জয়
অনলাইন ডেস্ক
ইডেন গার্ডেন্সে ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে সহজেই হারাল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ১৬১ রানের জবাবে খেলতে নেমে ২৬ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় কলকাতা।
টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম থেকেই কলকাতার দারুণ বোলিং আক্রমণে দিশেহারা অবস্থা হয়ে যায় সফরকারীদের। নাইটদের বোলিং তোপে শুরুতেই ফিরে যান লক্ষ্ণৌয়ের ওপেনার কুইন্টন ডি কক (১০) ও দীপক হুডা (৮)।
আগের ম্যাচে ব্যাটিং ঝলক দেখানো আয়ুষ বাদোনিও (২৯) পারেননি টিকে থাকতে। তবে কিছুটা লড়াই করেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল। ২৭ বলে ৩৯ রান করেছেন তিনি। শেষদিকে নিকোলাস পুরান ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। আর এতেই ৭ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ।
জবাবে কলকাতার শুরুটা হয় ঝড়ের গতিতে। ওপেনার ফিল সল্ট খেলেন ৪৭ বলে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস। নারিন (৬) ও অঙ্গকৃষ রঘুবংশী (৭) ব্যর্থ হলেও খুব একটা প্রভাব পড়েনি। ৩৮ বলে ৩৮ রান করে সল্টের সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার।
