সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপির মিডিয়া সেল
নিজস্ব প্রতিবেদক
কারাগারে অন্তরীণ দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শাসসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল।
সোমবার বেলা ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন। এসময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।
এসময় সাংবাদিক শামসের মা বলেন, আমার সন্তান কখনও অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেওয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।
