সাইফ আলি খানের মুখে রাহুল বন্দনা

অনলাইন ডেস্ক

প্রতিদিনই রাহুল গান্ধীকে কটাক্ষ করে পোস্ট করেন বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনও রাহুলকে ‘পাপ্পু’ আবার কখনও তার জাত-ধর্ম নিয়ে খোলাখুলি আক্রমণাত্মক পোস্ট করেন কঙ্গনা। এবার রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তার ভূয়সী প্রশংসা করলেন সাইফ আলি খান। নিন্দুকদের কড়া কথা শোনাতেও পিছপা হলেন না অভিনেতা।

পলিটিক্যাল থ্রিলার ‘তাণ্ডব’ সিরিজে যখন প্রধানমন্ত্রী পদের উত্তরসূরীর ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, তখন অনেকেই তার অভিনীত চরিত্রের সঙ্গে রাহুল গান্ধীর সাযুজ্য খুজে পেয়েছিলেন। তবে সেপ্রসঙ্গে কোনও দিন খোলাখুলি কথা বলেননি বলিউড নবাব। এবার প্রকাশ্যেই রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ সাইফ। সম্প্রতি ইন্ডিয়া ডুডে কনক্লেভ-এ যোগ দিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী, এদের মধ্যে কাকে সাহসী রাজনীতিক? কিংবা কে দেশকে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরেই সাইফ রাহুল গান্ধীর নামোল্লেখ করেন।

বলিউড অভিনেতার মন্তব্য, “নরেন্দ্র মোদি, কেজরিওয়াল বা রাহুল গান্ধী, এরা প্রত্যেকেই সাহসী রাজনীতিক। তবে আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। একটা সময়ে মানুষ ওর নানা মন্তব্য কিংবা কাজ নিয়ে অসম্মান করে অনেক কটাক্ষ করেছে, তবে রাহুল যেভাবে কঠোর পরিশ্রম করে সেগুলোর পালটা জবাব দিয়েছেন, সেটা ভীষণ ইন্টারেস্টিং।” কংগ্রেস নেতাকে নিয়ে সাইফ আলির খানের এহেন মন্তব্য আপাতত এক্স হ্যান্ডেলে চর্চার শিরোনামে। দেদার গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিও। নেটপাড়ার একাংশের মন্তব্য, “এটা রাহুল গান্ধীর হয়ে তারকা প্রচার।”
সিমি গেরিওয়ালের চ্যাট শোয়ে রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন কারিনা কাপুর। তখনও অবশ্য তিনি নবাব বেগম হননি। এবার স্বামী সাইফ আলি খানের মুখে কংগ্রেস নেতার ভূয়ষী প্রশংসার কথা শোনা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights