সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সাক্ষরতা শুধু শিক্ষার উন্নয়নই নয়, সামাজিক বৈষম্য নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

রবিবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষরভাবে করে গড়ে তুলতে পারি, তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে পারলে তারা জীবনে অনেক দূর এগোতে পারবে, যা বৈষম্য হ্রাসে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষার্থীদের গণিতে সঠিক ধারণা দেওয়া যায়, তবে সেটি তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং জ্ঞানের ভিত্তি মজবুত করবে।’

হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়। ‌এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয় না।‌ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের, মো. মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সিলেট বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights