সাগরে কনকনে ঠান্ডায় বিপাকে দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে বায়ুতাড়িত প্রবল ঢেউ ও কনকনে ঠান্ডা হাওয়ার কারণে মাছ ধরতে পারছেন না দুবলার শুঁটকি পল্লীর জেলেরা। জাল ফেলতে না পেরে অনেক জেলে সুন্দরবনের আলোরকোলসহ দুবলার বিভিন্ন জেলে পল্লীতে ফিরে যাচ্ছেন। টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে প্রচণ্ড শীতে শুঁটকি পল্লীর জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সুন্দরবনের দুবলার আলোরকোল এলাকার রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মুঠোফোনে বলেন, কনকনে ঠান্ডা বাতাস ও বায়ুতাড়িত প্রবল ঢেউয়ের কারণে বঙ্গোপসাগরে জাল ফেলতে পারছেন না জেলেরা। ফলে তারা সাগর ছেড়ে শুঁটকি পল্লীতে ফিরে আসছেন। গত তিন দিন ধরে শৈত্যপ্রবাহের কারণে দুবলারচরের জেলেদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

প্রচণ্ড শীতে জেলেদের অবস্থা জবুথবু। বুধবার সকালেও মাছ ধরা বন্ধ করে অন্তত ১২টি জেলে নৌকা আলোরকোলে ফিরে এসেছে বলে জানান তিনি।

সুন্দরবনের শেলারচর এলাকার মৎস্য ব্যবসায়ী মিঠু হাওলাদার বলেন, বায়ুতাড়িত প্রবল ঢেউ, তীব্র শীত ও ঠান্ডা বাতাসের কারণে শেলারচরের জেলেরা সাগরে নামছেন না।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. কামালউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দুবলার চর এলাকায় প্রবল ঠান্ডা বাতাস বইছে। সাগরে ঢেউ বেশি থাকায় জাল ফেলাও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় জেলেরা মাছ ধরতে পারছেন না।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, ঠান্ডা বাতাস ও শীতের কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। প্রবল ঢেউ ও ঠান্ডার কারণে সুন্দরবন বিভাগের স্বাভাবিক টহল কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights