সাজসজ্জায় ইসরায়েলি নিষেধাজ্ঞা, জেরুজালেমে ফিকে রমজানের আনন্দ

অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাস শুরু হলেও অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরের অলিগলি এবার অন্ধকার ও নিস্তব্ধ হয়ে আছে। প্রতিবছর এই সময়ে জেরুজালেমের দেয়ালগুলো বর্ণিল আলো আর সাজসজ্জায় ছেয়ে থাকলেও এ বছর ইসরায়েলি কর্তৃপক্ষ সব ধরনের রমজান ডেকোরেশন নিষিদ্ধ করেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই উৎসবের আমেজ কেড়ে নেওয়ায় স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জেরুজালেমের বাসিন্দারা জানিয়েছেন, রমজানের সেই চিরচেনা সৌন্দর্য এবার পুরোপুরি অনুপস্থিত। আলোকসজ্জা না থাকায় শহরটি প্রাণহীন হয়ে পড়েছে। শুধু সাজসজ্জাই নয়, ইসরায়েলি বাহিনী ঐতিহ্যবাহী মিসাহারতি বা সাহরির সময় মানুষকে জাগিয়ে তোলার কার্যক্রমের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নিরাপত্তার অজুহাতে শহরের আনাচে-কানাচে ইসরায়েলি পুলিশের উপস্থিতি বহুগুণ বাড়ানো হয়েছে এবং গত কয়েক দিনে অসংখ্য ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের ভয়ে অনেক বাসিন্দা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতেও দ্বিধাবোধ করছেন।

এদিকে আল-আকসা মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রেও নজিরবিহীন কড়াকড়ি জারি করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের জন্য প্রবেশাধিকার সীমিত করে মাত্র ১০ হাজার মানুষকে জুমার নামাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যার জন্য প্রয়োজন হবে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ অনুমোদন।

এর বিপরীতে ইসরায়েলি সেটলারদের জন্য আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, একদিকে কড়া তল্লাশির কারণে তারা পবিত্র মসজিদে ঢুকতে পারছেন না, অন্যদিকে সেখানে সশস্ত্র ইসরায়েলি পুলিশের টহল ক্রমাগত বাড়ছে। সব মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে জেরুজালেমে এবারের রমজান অতিবাহিত হচ্ছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights