সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।

এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
সেই আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, ‘তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগবাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান যেমন ঢাকার উত্তরায় ফ্ল্যাট ও কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেট রয়েছে। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।’

‘তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায়, তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights