সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

সাবেক এই সংসদ সদস্যের ভাগনে রুকুন আহমেদ চৌধুরী জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights