সাবেক সতীর্থকে এরিকসেনকে নিয়ে চিন্তিত হ্যারি কেইন

মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ইউক্রেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে হাত দিয়ে তিনি মাঠে পড়ে যান। ২০২১ সালের ইউরো কাপের সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দেওয়া এই ঘটনায় ফুটবল বিশ্বে আবারও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর হলো, এরিকসেনের শরীরে বসানো ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) যন্ত্রটি ঠিকঠাক কাজ করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং মাঠের জরুরি চিকিৎসায় তিনি দ্রুত সাড়া দিয়েছেন।

এই ঘটনার পর ডেনিশ মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন তার সাবেক টটেনহ্যাম সতীর্থ ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে কেইন জানিয়েছেন, তিনি এরিকসেনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেইন বলেন, মূল বিষয় হলো ডেফিব্রিলেটর যন্ত্রটি সেখানে ছিল এবং সেটি সঠিকভাবে কাজ করেছে। এরিকসেনের পক্ষ থেকে এখনো কোনো ফিরতি বার্তা না পেলেও কেইন জানান যে, সাবেক এই সতীর্থ আপাতত ফুটবল থেকে দূরে গিয়ে পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

পেশাদার ফুটবলে এরিকসেনের ভবিষ্যৎ এখন বড় ধরনের প্রশ্নের মুখে। আয়াক্স, টটেনহ্যাম, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলা ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে কেইন মনে করেন, ফুটবল এবং জীবন; এই দুইয়ের মাঝে সমতা মেলাতে এরিকসেনকে এখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ায়, এরিকসেনের খেলোয়াড়ি জীবন এখানেই থমকে যাবে কি না, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

সূত্র: গোলডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights