সাভার প্রেসক্লাবের সামনে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা’র উদ্বোধন
সাভার প্রতিনিধি
সাভার প্রেসক্লাবের তত্ত্বাবধানে ক্লাবের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
উদ্বোধনী আয়োজনে সাভার প্রেসক্লাবের এমন পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে সাভার প্রেসক্লাব যে বৃক্ষরোপণ উৎসাহিতকরণ ও স্থানীয় তাঁতশিল্পের প্রসারে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই মেলা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি দেশীয় তাঁতপণ্যের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ, সাভার পৌর যুব মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এই মেলায় নানা প্রজাতির দেশি-বিদেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁতসামগ্রীর বহুবিধ স্টল রয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ও পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
