সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সাভার প্রতিনিধি:
সাভারে একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংক তৈরির সময় বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছে। শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের রাজমিস্ত্রী আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)।
প্রত্যক্ষদশীরা জানায়, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে অপর শ্রমিকও সেফটিক ট্যাংকে নামেন। এরপর দুজনেরই কোন সাড়াশব্দ পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে সেফটি ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করে। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সেপটি ট্যাংকে নেমে মৃত দুই জনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
