সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৪র্থ কিস্তির পে-রোল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

বাসস

সমাজসেবা অধিদপ্তর ২০২৫-২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের ভাতার ৪র্থ কিস্তির অর্থ বিতরণের জন্য নির্ভুল পে-রোল প্রেরণের সময়সীমা আগামীকাল (বুধবার) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ জুন) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের ভাতার অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকার থেকে উপকারভোগীর (জি-টু-পি) কাছে পাঠানো হচ্ছে।

এ লক্ষ্যে নিয়মিত ও নব-অন্তর্ভুক্ত উপকারভোগীদের যাচাই-বাছাই সম্পন্ন করে জীবিত এবং সঠিক হিসাব নম্বরের বিপরীতে ৪র্থ কিস্তির অর্থ পাঠানোর জন্য উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এর আগে পে-রোল প্রেরণের শেষ সময় ৭ মে ২০২৬ নির্ধারণ করা হলেও বিভিন্ন কারণে মাঠপর্যায় থেকে শতভাগ পে-রোল পাওয়া যায়নি।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ডিএসএস গ্রুপে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হলেও অনেক ইউনিট এখনও পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে ব্যর্থ হয়েছে।

এ পরিস্থিতিতে পে-রোল প্রেরণের সময়সীমা আরও বাড়িয়ে আগামীকাল বুধবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ পে-রোল প্রেরণে ব্যর্থ হলে এবং এর ফলে কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কর্মকর্তাকে দায়ী করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশরিরফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়সহ দেশের সব উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights