‘সারাদেশে ১ লাখ ৬৫ হাজার লোক মাদক ব্যবসায় জড়িত’

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, সব পেশার মানুষের মধ্যেই মাদকের উপস্থিতি রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে ১ লাখ ৬৫ হাজার লোক জড়িত রয়েছে। আমাদের অধিদপ্তর থেকে আমরা ছোট বড় কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেই না। তথ্য পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করি।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এক জরিপে দেখে গেছে যারা মাদকসেবন করেন তাদের ৯০ শতাংশই পুরুষ এবং মাদকসেবীদের বাকি ১০ শতাংশ নারী। তবে তাতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মাদকসেবনে নারীদের সংখ্যা কম হলেও নারীদের মাধ্যমে বিভিন্ন অভিনব উপায়ে মাদক ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে।
তিনি বলেন, আপনারা জানেন গত ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হচ্ছে। এক্ষেত্রে আমরাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক দূর করতে হলে পরিবার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষদের সচেতন হতে হবে। সেই সঙ্গে মাদকের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. খোরশিদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights