সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব : প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশে যে জলাশয়গুলো আছে সেগুলো রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের প্রয়োজন, তা মেটাতে অবদান রাখবো।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠান বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার জন্য স্লোগান ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ তা বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই-বোনেরা অগ্রণী ভূমিকা রাখছেন।

মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্য জোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।

র‌্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে। এ সময় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights