সারার জীবনে প্রাক্তন প্রেমিকের প্রত্যাবর্তন?

অনলাইন ডেস্ক

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা সারা আলি খান। পেশাগত জীবন নিয়ে আলোচনা তো রয়েছেই। পাশাপাশি, নায়িকার প্রেম জীবন নিয়েও কম জল্পনা হয়নি বলিপাড়ায়।

জীবনের প্রথম ছবির সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সারার। কখনো সেই কানাঘুষা কেবলই রটনা, কখনো আবার সত্যিই সেই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সাইফ-কন্যা। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম বলিপাড়ায় রীতিমতো ‘ওপেন সিক্রেট’। করন জোহরের টেলি অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ এসে কার্তিকের প্রতি তার ভালো লাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা।

তারপর পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘লাভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক। জানা গেছে, ওই ছবির শুটিং চলাকালীনই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। কয়েক বছর আগে প্রেমে ইতি টানেন সারা ও কার্তিক। যদিও তাদের বন্ধুত্বের সমীকরণে নাকি তার কোনও প্রভাব পড়েনি। প্রেম ভাঙার পরেও একাধিক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেছে দুই চর্চিত প্রাক্তনকে। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, দুই প্রাক্তনের মধ্যে আবার নাকি ঘনিষ্ঠতা বেড়েছে।
গত কয়েক দিনে গণেশ পুজা উপলক্ষে সেজে উঠেছিল গোটা বলিউড। পুজা উপলক্ষে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের তারকাদের। বেশির ভাগ তারকাই ভিড় জমিয়েছিলেন আম্বানীদের বাড়ির গণেশ পুজায়। অথচ সারাকে দেখা গেল কার্তিকের বাড়ির গণেশ পুজায়। রানি রঙের পোশাকে সেজেগুজে কার্তিকের বাড়িতে গিয়েছিলেন সারা। একসঙ্গে ছবিও তোলেন প্রাক্তন যুগল।

কার্তিকের বাড়ির পুজায় উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রাও। সারা ও কার্তিককে এক ফ্রেমে দেখে অনুরাগীদের ধারণা ফের একে অপরের কাছাকাছি এসেছেন তারা। অনেকে আবার সারা ও কার্তিকের ছবি দেখে তাদের ‘নবদম্পতি’ বলে অভিহিত করতেও ছাড়েননি!

প্রেমের সম্পর্ক না টিকলেও সারা ও কার্তিকের মধ্যে বন্ধুত্ব যে নিখাদ, তার প্রমাণ মিলেছে বারবার। চলতি বছরে সারার জন্মদিনে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন কার্তিক। শুভেচ্ছা জানানোর জন্য সারা ও তার একটি মিষ্টি ছবিও বেছেছিলেন তিনি। একে অপরের হাত ধরে হাসিমুখে বসে রয়েছেন দু’জনে। কার্তিকের শুভেচ্ছাবার্তা গ্রহণ করেছিলেন সারা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে সেই ছবি রিপোস্ট করে কার্তিককে ধন্যবাদ জানান অভিনেত্রী। বন্ধুত্বে টিকে থেকেই কি তবে এবার ফের প্রেমে ফিরছেন প্রাক্তন যুগল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights