সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

রবিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌ-বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেছেন, ‘বাংলাদেশ নৌ-বাহিনী অত্যন্ত সু-সজ্জিত একটি বাহিনী। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌ-বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’

কুচকাওয়াজের শুরুতে সেনাপ্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং এরপর নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান।

উল্লেখ্য, অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights