সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পেছাল
অনলাইন ডেস্ক
ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২১ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
এদিন মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে তাদের পক্ষে পৃথকভাবে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
সালমান এফ রহমানের আইনজীবী সজিবুল ইসলাম আদালতকে জানান, মামলার প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করে অব্যাহতির আবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি।
আনিসুল হকের আইনজীবী সুমন হোসেন জানান, তার সিনিয়র আইনজীবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুনানিতে অংশ নেওয়া সম্ভব হয়নি, তাই সময় প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানে সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১৩২১ ইউরো, ৬২৩০ ভুটানের গুলট্রাম, ৩৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া। পরে তদন্ত শেষে ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশে বৈদেশিক মুদ্রা নিজের হেফাজতে রাখেন এবং এর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
বর্তমানে সালমান এফ রহমান ও আনিসুল হক দুজনই কারাগারে রয়েছেন।
