সিঙ্গাপুরে সন্তান জন্ম নিলেই মিলবে ৬৩ লাখ টাকা!

অনলাইন ডেস্ক

একটি শিশুর জন্ম পরিবারের জন্য বিশাল আনন্দ নিয়ে আসে। তবে সেই সঙ্গে যোগ হয় ভবিষ্যতের নানা আর্থিক ভাবনা। কিন্তু অভিভাবকদের সেই চিন্তা পুরোপুরি দূর করতে দারুণ এক উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। এখন প্রতিটি শিশু ১৭ বছর বয়স পর্যন্ত ধাপে ধাপে পাবে মোট প্রায় ৬৩ লাখ টাকা।

যুগান্তকারী এই ঘোষণাটি এসেছে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে। গত ২৩ আগস্ট এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন শিশু সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এর আওতায় শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে ৬২ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৫৬ লাখ টাকা)। প্যাকেজে নগদ ১০ হাজার ডলার বেবি গিফট এবং ৩২ হাজার ডলার চাইল্ড ক্রেডিট রয়েছে।

এখানেই শেষ নয়। শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাকাউন্টে প্রথম ধাপে দেওয়া হবে ৫ হাজার ডলার (প্রায় সাড়ে ৪ লাখ টাকা)। সরকার আরও ৫ হাজার ডলার দেবে কো-ম্যাচিং হিসেবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্টে জমা হবে আরও ১০ হাজার ডলার।

প্রধানমন্ত্রী জানান, পরিবারগুলোকে সহায়তার ক্ষেত্রে তারা একটি বড় পরিবর্তন আনতে চান। আগে অভিভাবকরা সন্তানপ্রতি ২৭ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৫০০ ডলার পর্যন্ত পেতেন। এখন বিদ্যমান স্বাস্থ্য ও শিক্ষা সুবিধাসহ একটি শিশু গড়ে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৩ লাখ টাকা) পাবে। এই উদ্যোগে দেশটির প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবারের ৬ লাখ ১০ হাজার শিশু সরাসরি উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights