সিঙ্গাপুরে ১০ বিদেশি নাগরিক গ্রেফতার, বিপুল সম্পদ জব্দ
অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী বড় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ বিদেশি নাগরিককে। এ সময় ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। এরমধ্যে রয়েছে নগদ অর্থ, মদ, বিলাসবহুল গাড়ি দামি ব্যাগসহ বহু পণ্য।
গত মঙ্গলবার (১৫ আগস্ট) সিঙ্গাপুরের বিভিন্ন রাজ্য ও শহরে একযোগে অভিযান চালায় পুলিশ। এতে অংশ নেন প্রায় ৪০০ কর্মকর্তা।
গতকাল বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই বিদেশি। তাদের বয়স ৩১ বছর থেকে ৪৪ বছরের মধ্যে। গ্রেফতারকৃতদের মধ্যে চীন, তুরস্ক, সাইপ্রাস, কম্বোডিয়া ও নি-ভানুয়াতুর নাগরিক রয়েছে। এদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ ছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে ৯ পুরুষের সঙ্গে এক নারী রয়েছে। এ ঘটনায় আটজন পলাতক।
গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের তথ্য পেয়েছে সিঙ্গাপুর পুলিশ। তারা সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে তহবিলের উৎস প্রমাণ করতে জাল নথি ব্যবহার করতেন। ট্যাংলিন, বুকিত টিমাহ, অর্চার্ড রোড, সেন্টোসা এবং রিভার ভ্যালিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
অভিযানে ৯৪টি স্থাপনা এবং ৫০টি গাড়ি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলোর সম্মিলিত মূল্য ৮১৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ৬৫৭৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দামি ব্যাগ, গহনা এবং ওয়াইন।
সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংকও একটি বিবৃতিতে বলেছে, যেসব আর্থিক প্রতিষ্ঠানের (এফআই) সঙ্গে গ্রেফতার ও পলাতকরা যোগাযোগ করেছে, যেখানে সম্ভাব্য জালিয়াতির অর্থ চিহ্নিত করা হয়েছে। নাম উল্লেখ না করে প্রতিষ্ঠানগুলোয় নজরদারির কাজ চলছে বলেও জানায় সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক।
দেশটির পুলিশ বলছে, গ্রেফতারদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোতে দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল বা ৫ লাখ মার্কিন ডলার জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
