সিডনিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘বাংলা হানড্রেড লিগ’

নাইম আবদুল্লাহ
অনলাইন ভার্সন
প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট ‘বাংলা হানড্রেড লিগ (বিএইচএল)’। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

লিগ শুরুর আগে আজ শুক্রবার সিডনির বিশ্ববিখ্যাত সিডনি অপেরা হাউজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও অফিসিয়াল জার্সি। মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ইমরুল কায়েস উপস্থিত থেকে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা হানড্রেড লিগের ডিরেক্টর আতিকুর রহমান সজীব, লিগ কমিশনার তানবীর হাসানসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। পাশাপাশি অংশগ্রহণ করেন ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের ওনার, অধিনায়ক ও খেলোয়াড়রা, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল, ঢাকা পাওয়ার ব্লেজার্স, চিটাগং কিংস, কুমিল্লা সুপার স্টারস, ময়মনসিংহ জায়ান্টস, রংপুর রাইডার্স এবং খুলনা ফাইটার্স। প্রতিটি দলে রয়েছে ১৫ জন করে খেলোয়াড়, অর্থাৎ মোট ৯০ জন ক্রিকেটার এবারের লিগে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। প্রতিটি দলের মালিকরা নিজেদের কৌশল অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করে দল গঠন করেন, যা লিগটিকে একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি কাঠামো প্রদান করেছে।

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও গভীর করবে এবং ভবিষ্যতে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সিডনির বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও এটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights