সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট ও একটি মাইক্রোবাসসহ সজীব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্ব পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটির সময় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি পুরাতন কালো রঙের মাইক্রোবাসসহ সজীব আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, তার সঙ্গে থাকা সহযোগী মইন মিয়া, ইব্রাহিম ওরফে আকাশ এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
