সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড়ের ডিএনডি লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি ডিএনডি লেকপাড়ের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার রাতে তপন শীল বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে ডিএনডি লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights