সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্ত্রী লিমা খাতুন হত্যার দায়ে স্বামী মো. সবুজকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. সবুজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক মিয়ার ছেলে।

মামলার রায়ের কপি থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বকুলের মেয়ে লিমা খাতুনের সাথে প্রায় সাতমাস পূর্বে দণ্ডপ্রাপ্ত সবুজের বিয়ে হয়। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি লিমা ও তার স্বামী দুজনে লিমার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় লিমার শ্বশুর, শাশুড়ি ও ফুফু শাশুড়িও তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং সকলেই লিমার বাবার বাড়ীতে দুধ পিঠা খান। এসময় সবুজ বিভিন্ন সময় লিমাকে অত্যাচার-মারপিট করে বলে লিমার বাবা সবুজসহ তার বাবা-মাকে জানান। একই সময় সবুজও বলেন, লিমাও তার বাবা-মাকে ঠিকমত দেখেন না। এক পর্যায়ে সবুজ লিমাকে আচার-আচরন শিখিয়ে সবুজের বাড়িতে পাঠাতে বলেন। এ অবস্থায় ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় লিমাকে সাথে নিয়ে সবুজ নিজ বাড়িতে চলে যায়। পরবর্তীতে একই দিন দিবাগত রাত ৮ টার পর থেকে পরদিন দুপুর ১২ টার মধ্যে যে কোন সময় সবুজ তার স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর লিমার বাবা বকুল বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ আসামি সবুজকে গ্রেফতার করে। পরে সবুজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৩ জন স্বাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সবুজের উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন। আসামি সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি আব্দুর রহমান ও আসামি পক্ষে অ্যাড. বিমল কুমার দাস মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights