সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ তাহমিনাকে হত্যার দায়ে স্বামী চাঁদ মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম. আলী আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া উল্লাপাড়া উপজেলার এনায়েত আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি চাঁদমিয়া আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯ টায় তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে স্বামী চাঁদ মিয়া মারপিট করে মারাত্মক রক্তাক্ত করেন। আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতাল পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ওই বছরের ৮ আগস্ট তাহমিনা মারা যায়।
এ ঘটনায় তাহমিনার বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights