সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ রাশিয়ার

অনলাইন ডেস্ক

স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।

উল্লেখ্য, বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। এর মধ্যে দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা বশির আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করেছেন।

সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights