সিরিয়ায় অভিযানে আইএস নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সিরিয়ার দামেস্কে যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) জ্যেষ্ঠ নেতা ত্বহা আল-জুবিকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে পরিচালিত অভিযানে গ্রেফতার হন তিনি।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জেনারেল আহমেদ আল-দালাতি জানিয়েছেন, দামেস্কের একজন আইএস নেতা তাহা আল-জুবি, যাকে আবু ওমর তাবিয়া নামেও পরিচিত, তার বেশ কয়েকজন সদস্যের সাথে আটক করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির জেনারেল আহমদ আল-দালাতির বরাত দিয়ে জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় আইএসের এক বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক মার্কিন নাগরিক নিহত হন। ওই ঘটনার দুই সপ্তাহ পার হওয়ার আগেই গোষ্ঠীটির এই জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতারের খবর এলো। একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, ১৩ ডিসেম্বরের হামলার জবাবে ২০ ডিসেম্বর মার্কিন বিমান হামলায় অন্তত পাঁচ আইএস সদস্য নিহত হন।
বাশার আল-আসাদের পতনের পর পালমিরা হামলা ছিল প্রথম বড় কোনো সহিংসতার ঘটনা। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পালমিরার ওই হামলাকারী দেশটির নিরাপত্তা বাহিনীরই একজন সদস্য ছিলেন, যাকে মূলত তার ‘চরমপন্থি মতাদর্শের’ কারণে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল।
