সিলেটে কলেজছাত্রী হত্যায় রিমান্ডে মামাতো ভাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে কলেজছাত্রী ও অভিনেত্রী সোনিয়া আক্তার (২০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত সজিব আহমদকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক আবদুল মোমেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সজিব আহমদ খুন হওয়া সোনিয়ার আপন মামাতো ভাই। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ পরিদর্শক জামিল আহমদ।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে সজিবকে গ্রেফতার করে র‌্যাব।
প্রসঙ্গত গত ১২ ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতলজোড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights