সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ। আর ফৌজদারী আদালতে নিষ্পত্তির হার ৮২ শতাংশ। শনিবার সিলেটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে জানানো হয়েছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট জজশিপের দেওয়ানী আদালতে মোট মামলা দায়ের করা হয়েছে ৩ হাজার ৬২৩টি। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৭৭৫টি। নিষ্পত্তির হার ১০৫ শতাংশ।

অন্যদিকে ফৌজদারী আদালতে মোট মামলা দায়ের করা হয়েছিল ৩ হাজার ৪৭৫টি। এরমধ্যে নিষ্পত্তি হয়ে ২ হাজার ৮৩২টি। নিষ্পত্তির হার ৮২ শতাংশ।

ফৌজদারী মামলায় সাজার হার ৬০ শতাংশ ও খালাস ৪০ শতাংশ। এছাড়া জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ১১২টির সফল মিমাংসা চুক্তি সম্পাদন করা হয়েছে। মধ্যস্ততার মাধ্যমে আদায় হয়েছে ৬৭ লাখ ৯৩ হাজার ১২০টাকা।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights