সিলেটে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ থানায় দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনী সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

সংশ্লিষ্টরা জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার ০১৩২০১১৭৮৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights