সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমা ওপরে, রেকর্ড বৃষ্টিপাতে জনদুর্ভোগ

অনলাইন ডেস্ক
সিলেটে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগের দিন এসব পয়েন্টে নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সিলেটে একদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এর পরবর্তী তিন ঘণ্টায় (সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত) আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

নদ-নদীর পানি বাড়ার পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। উপশহর, দক্ষিণ সুরমা ও আশপাশের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। একই সঙ্গে জেলা প্রশাসন সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

বৃষ্টিপাত ও নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights