সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এর ফলে সিলেট রুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং এ সময় এ দুর্ঘটনার শিকার হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটি উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফিরিয়ে আনা হবে। এজন্য ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, ‘শায়েস্তাগঞ্জ ছাড়ার পর খোয়াই নদী পার হওয়ার সময় চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এই সমস্যা সমাধানের জন্য ফিউজ পরিবর্তন করতে হবে। এ কাজের জন্য মেকানিক্যাল লোকবল প্রয়োজন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights