সীমানার ভেতরেই ইরানের উসকানি, এখনো যুদ্ধ শুরুর সময় আসেনি: কেইন

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর ইরান অন্তত ১০ বার হামলা চালিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, এই হামলাগুলো সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনই পুনরায় সামরিক অভিযান শুরু করছে না, কারণ ইরানি উসকানিগুলো এখনো ‘পূর্ণাঙ্গ যুদ্ধের সীমা’ বা থ্রেশহোল্ড অতিক্রম করেনি।

জেনারেল কেইন বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইরান নয়বার বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ করেছে এবং দুটি কনটেইনার জাহাজ জব্দ করেছে। একই সময়ে মার্কিন বাহিনীর ওপর ১০ বারের বেশি আক্রমণ চালানো হয়েছে। তবে বিষয়টিকে অনেকটা ‘খড়কুটো আঁকড়ে ধরার’ মতো মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছেন তিনি। সামরিক অভিযানের সিদ্ধান্তের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, যুদ্ধ পুনরায় শুরু করা যায় কি না তা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা উচ্চ মহলের এখতিয়ারভুক্ত। বর্তমানে ইরান থেকে যে হামলাগুলো আসছে তা মূলত ‌হয়রানিমূলক গুলিবর্ষণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

তবে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ বর্তমানে বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। বিশেষ করে গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার যখন জানান যে মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের ছয়টি ছোট নৌকা উড়িয়ে দিয়েছে, তখন থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। কুপার এই মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে গেছে কি না, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, মার্কিন বাহিনী সরাসরি প্রেসিডেন্টের নির্দেশেই এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights