সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চোরাচালানী কসমেটিক পণ্য, গরু ও যানবাহন। এদের আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারীচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান ও গরু আটক করতে সক্ষম হয়।

ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights